নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:৩৫ পিএম
বুধবার ১৩, মে ২০২৬ -- : -- --
নোবিপ্রবিতে মানববন্ধন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দিন দিন যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠছে বলে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান। তাঁদের ভাষ্য, অতিরিক্ত যানবাহনের চাপ, সরু সড়ক এবং দীর্ঘদিন ধরে সংস্কার ও সম্প্রসারণ না হওয়ায় প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। স্থানীয়দের কাছে সড়কটি এখন ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত।
শিক্ষার্থীরা বলেন, দেশের অন্যতম পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের সংযোগ স্থাপনকারী এই মহাসড়ক প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের মাধ্যম। কিন্তু সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। জনদুর্ভোগ কমানো এবং দুর্ঘটনা রোধে দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা জরুরি।
মানববন্ধনে আইসিই বিভাগের শিক্ষার্থী আহমদ বলেন," কক্সবাজার মহাসড়ক যা একটি মৃত্যুকূপ।আমরা আনন্দের জন্য কক্সবাজার যাবো বাসে করে, ফিরে আসি এম্বুলেন্সে করে এভাবে করে আর কতদিন? আর কত প্রাণ গেলে সড়কটা ৬ লাইনে উন্নতিকরণ হবে? আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে।চট্টগ্রাম, কক্সবাজার সড়ক ৬ লাইনে উন্নতিকরণ এই সিদ্ধান্ত যদি অতিদ্রুত না আসে তাহলে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিশ্ববিদ্যালয়রে সকল শিক্ষার্থী রোড অবরোধ করে দিবে।"
নোবিপ্রবি শিক্ষার্থী ও কক্সবাজার এসোসিয়েশনের সেক্রেটারি রায়হান উদ্দিন বলেন," স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই নির্বাচন প্রচারণার সময় আপনি বলেছিলেন কক্সবাজার,চট্টগ্রাম সড়ক ৬ লাইন করবেন কিন্তু তা বর্তমানে দেখছি ঠাট্টা করার মত বিষয় হয়ে দাঁড়িয়েছে।আমরা চাই এই সড়ক দ্রুত ৬ লাইনে উন্নত করা হোক। এটাই আমাদের একমাত্র দাবি।আমরা বাঁচতে চাই, সেখানে কোন প্রাণ যাক সেটা আমরা চাই না।"
“মরণফাঁদ নয়, চাই নিরাপদ ৬ লেন” স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করা হয়।