আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৩:০৭ পিএম
সোমবার ১১, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের আধুনিক শিক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ সোমবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের হাতে মাল্টি মিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন ল্যাব উপকরণ হস্তান্তর করেন।
প্রথম ধাপে ১১ টি বিভাগের জন্য মাল্টি মিডিয়া প্রজেক্টর, কৃষি বিভাগের জন্য পাওয়ার টিলার, সিডার মেশিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য হট প্লেট, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মনোবিজ্ঞান বিভাগের জন্য ল্যাব উপকরণ সরবরাহ করা হয়েছে। পরবর্তী সময়ে সকল বিভাগে মাল্টি মিডিয়া প্রজেক্টরসহ প্রয়োজনীয় গবেষণা ও ল্যাব উপকরণ সরবরাহ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এছাড়া উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর অফিসের কাজে গতিশীলতা আনতে রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন অফিসের জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও কর্মকর্তা।