সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন

ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মডিউলটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তির আশির্বাদে অনেক কাজ সহজতর হয়ে গিয়েছে। স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল এমন একটি ডিজিটাল টুল যা আমাদেরকে দীর্ঘমেয়াদে সম্পদের ডিজিটাল ম্যানেজমেন্ট এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “নোবিপ্রবিকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রযুক্তির যথাযথ ব্যবহার আমাদের কাজের দক্ষতা বাড়াবে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’ ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার সামগ্রী, যানবাহন, আসবাবপত্রসহ স্থায়ী সম্পদের পূর্ণাঙ্গ তথ্য ও জীবনচক্র ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে। পাশাপাশি সম্পদের হিসাবরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কার্যকর ব্যবহারের তথ্যও সহজে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে।

Link copied!