সোমবার ১১, মে ২০২৬

সোমবার ১১, মে ২০২৬ -- : -- --

১৮ বছরেও আইইবি,আইএবির অ্যাক্রেডিটেশন পায়নি পাবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:৫০ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রতিষ্ঠার ১৮ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার প্রোগ্রাম এখনো দেশের প্রধান পেশাগত সংস্থা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর অ্যাক্রেডিটেশন পায়নি। এতে চাকরি ও পেশাগত ক্ষেত্রে নানা জটিলতায় পড়ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পাবিপ্রবিতে পাঁচটি ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এছাড়া একটি আর্কিটেকচার বিভাগও রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের মান যাচাই করে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই), যা আইইবির অধীন পরিচালিত। অন্যদিকে আর্কিটেকচার প্রোগ্রামের মান মূল্যায়ন করে বোর্ড অব আর্কিটেকচারাল এডুকেশন (বিএই), যা আইএবির নিয়ন্ত্রণাধীন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন স্বীকৃতি না থাকায় তারা চাকরির বাজারে বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারি চাকরি, বড় অবকাঠামো প্রকল্প এবং পেশাগত লাইসেন্সিংয়ের ক্ষেত্রে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। একই ডিগ্রি অর্জন করেও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে দাবি করেন তারা।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৌমিক সরকার শ্রাবণ বলেন, একই ডিগ্রি থাকা সত্ত্বেও স্বীকৃতির অভাবে চাকরির বাজারে নানা বাধার মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থী জানান, পেশাগত স্বীকৃতি না থাকায় ডিগ্রি শেষ করার পরও তারা নিজেদের কাজেও স্বাক্ষর করতে পারছেন না।

অ্যাক্রেডিটেশন পেতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে মানসম্মত কারিকুলাম, ১:২০ শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আধুনিক ল্যাব সুবিধা এবং আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির বাস্তবায়ন। আর্কিটেকচারের ক্ষেত্রে পর্যাপ্ত ডিজাইন স্টুডিও, মডেল মেকিং ল্যাব, কম্পিউটারভিত্তিক ডিজাইন সুবিধা ও সমৃদ্ধ লাইব্রেরিও প্রয়োজন হয়।

অনুসন্ধানে জানা গেছে, পাবিপ্রবির বিভিন্ন বিভাগে আধুনিক যন্ত্রপাতি ও ল্যাব সুবিধার ঘাটতি রয়েছে। পাশাপাশি কিছু বিভাগে স্থায়ী ও সিনিয়র শিক্ষকের সংকটও রয়েছে, যা অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে।

এ বিষয়ে সিএসই বিভাগের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বলেন, আইইবি অ্যাক্রেডিটেশনের কাজ চলমান রয়েছে এবং প্রতিটি বিভাগে আলাদা কমিটি গঠন করা হয়েছে। তবে শিক্ষক সংকটের কারণে কাজের গতি কিছুটা ধীর।

অন্যদিকে স্থাপত্য বিভাগের শিক্ষক বিজয় দাস গুপ্ত জানান, আইএবি অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তবে ক্লাসরুম, স্টুডিও ও লাইব্রেরির অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

Link copied!