বুধবার ১৩, মে ২০২৬

বুধবার ১৩, মে ২০২৬ -- : -- --

অসুস্থ নোবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় শিবিরের ১ লক্ষ টাকা অনুদান

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেনের উন্নত চিকিৎসায় ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। সাখাওয়াত বর্তমানে বিরল ‘ক্রোন্স ডিজিজ’ (Crohn's Disease) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আজ ​মঙ্গলবার (১২ মে) হাসপাতালে সাখাওয়াতের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং সাখাওয়াতের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এসময় তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​সাখাওয়াতের সুচিকিৎসা নিশ্চিত করতে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখার সভাপতি আরিফুর রহমান সৈকত, সাবেক সভাপতি আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, “ছাত্রশিবির সর্বদা ছাত্রকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে অগ্রাধিকার প্রদান করে। আমাদের সহপাঠী সাখাওয়াত একটি জটিল ও বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। নিয়মিত সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে আমরা সাধ্যমতো তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমরা ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছি এবং সার্বক্ষণিক তাঁর স্বাস্থ্যের খোঁজখবর রাখছি।”

​তিনি সাখাওয়াতের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং সামর্থ্য অনুযায়ী দেশের সর্বস্তরের মানুষকে তাঁর চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।

Link copied!