বুধবার ১৩, মে ২০২৬

বুধবার ১৩, মে ২০২৬ -- : -- --

ডুয়েটে ভিসি নিয়োগে অভ্যন্তরীণ অগ্রাধিকার চায় শিক্ষক সমিতি

রাকিব হাসান,ডুয়েট থেকে

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১২:২৫ পিএম

ফাইল ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে উপাচার্য নিয়োগ ইস্যুতে অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ প্রদানের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বুধবার (৫ মে) অনুষ্ঠিত শিক্ষক সমিতির সপ্তম সাধারণ (জরুরি) সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং উপাচার্য নিয়োগ প্রসঙ্গ নিয়ে সদস্যরা মতবিনিময় করেন।

সভায় শিক্ষক নেতারা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকে। ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের বাস্তবতা ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকগণই সবচেয়ে ভালোভাবে অবগত।

সভায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন এবং স্বাভাবিক একাডেমিক পরিবেশ বজায় রাখতে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন। শিক্ষক সমিতির সদস্যদের মতে, অভ্যন্তরীণ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার্থীদের চাহিদা সম্পর্কে অধিক বাস্তব অভিজ্ঞতা রাখেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ভবিষ্যতেও ডুয়েটের উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিনিয়র ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ প্রক্রিয়া বহাল রাখার দাবি সরকার ও সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের প্রশাসনের কাছে জানানো হবে।

এদিকে সাম্প্রতিক সময়ে ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসে আলোচনা শুরু হয়। এর প্রেক্ষাপটে শিক্ষক সমিতির এই অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সভা শেষে শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!