প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া রাস্তার মাথায় অবস্থিত আমির শার্টস্ লিমিটেড গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ গার্মেন্টসের বৈদ্যুতিক লাইনে শর্ট-সার্কিটের কারণে আগুনের স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। এতে কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় নিরাপত্তাকর্মী মোঃ সাজ্জাদ, বয়লার অপারেটর একরাম এবং ওয়েল্ডার রবিউল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হঠাৎ বিস্ফোরণ ও আগুনের স্ফুলিঙ্গে তারা গুরুতরভাবে আহত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর গার্মেন্টস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, শিল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, না হলে এমন দুর্ঘটনা বারবার ঘটতে পারে।
এ ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার বৈদ্যুতিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
