প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আইপিই সোসাইটি অব নিটারের আয়োজনে ‘বিয়ন্ড দ্য মেশিন কেস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকালে নিটার কনফারেন্স রুমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। শিক্ষার্থীদের শিল্পখাতভিত্তিক বাস্তব সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা এবং ইন্ডাস্ট্রি এক্সপোজার বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
চূড়ান্ত পর্বে পাঁচটি দল নির্বাচিত হলেও একটি দল অনুপস্থিত থাকায় চারটি দল তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করে। অংশগ্রহণকারী দলগুলো উৎপাদন ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, শ্রম ব্যবস্থাপনা এবং আধুনিক প্রোডাকশন সিস্টেম নিয়ে বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইপিই বিভাগের শিক্ষকরা। তারা প্রতিযোগীদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টিম প্ল্যান বি, প্রথম রানারআপ টিম বেপসায়ী এবং দ্বিতীয় রানারআপ টিম অরোহী। কনটেন্ট রাইটিং প্রতিযোগিতায়ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
