বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে সাংবাদিক সমিতির ‘মুক্ত আলাপ’

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘শিক্ষার্থী নেতৃত্ব এবং আগামীর ক্যাম্পাস ভাবনা’ শীর্ষক মুক্ত আলাপের আয়োজন করেছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। এ আয়োজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন “আইস ব্রেক” হিসেবে উল্লেখ করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠন ও ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন এবং ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী, সংগঠন ও প্রশাসনের মধ্যে ইতিবাচক সংলাপ গড়ে তোলে। তিনি সাংবাদিক সমিতির এ উদ্যোগকে “আইস ব্রেক” হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকেও ভবিষ্যতে এ ধরনের মুক্ত আলাপ নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গবেষণা, বাজেট বৃদ্ধি, মেডিকেল সেবা উন্নয়ন ও সহ-শিক্ষা কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধির বিষয়েও তিনি তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি, শিক্ষক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ক্যাম্পাস উন্নয়ন, সাংস্কৃতিক পরিবেশ, র‍্যাগিং ও মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন।

Link copied!