বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি এবং একটি দুমুখী চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রুবেল (২৪), ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম (২৪) এবং বাজড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইউসুফ (২৬)।

বুধবার (২৯ এপ্রিল) সকালে র‍্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। মেজর সাদমান ইবনে আলম বলেন, "চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।" তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, যাদের সঙ্গে এই চক্রের সম্পৃক্ততা থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Link copied!