প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম
ঠাকুরগাঁওয়ে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে নগদ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটির ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে জেলার ২০০টি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ সহায়তা প্রান্তিক পরিবারগুলোর আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
তবে সহায়তা গ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাল্যবিবাহ প্রতিরোধ, অর্থ উৎপাদনমুখী খাতে বিনিয়োগ (যেমন গবাদিপশু পালন বা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা) এবং পরিবারের শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করা।
সংস্থাটি আরও জানায়, এই কর্মসূচির আওতায় ধাপে ধাপে জেলার ৮০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে মোট ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেন।
