বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

জবিতে সেশনজট নিরসনে ক্র্যাশ প্রোগ্রাম চালুর ঘোষণা

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন সেশনজট নিরসনে ক্র্যাশ প্রোগ্রাম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সভায় অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সেশনজট নিরসনে দ্রুতই ক্র্যাশ প্রোগ্রাম চালুর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, অতীতে উপাচার্যকে কেন্দ্র করে একটি বলয় তৈরি হতো, যা প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতো। তবে তাঁর আমলে এমন কোনো বলয় থাকবে না এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হবে।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান চ্যালেঞ্জ হিসেবে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি চালু এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এগিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি নিয়মিত সিন্ডিকেট সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সকল শিক্ষককে একত্রিত করে এ ধরনের আয়োজন বর্তমান উপাচার্যের নেতৃত্বেই সম্ভব হয়েছে। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, নবনিযুক্ত উপাচার্যের দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে এগিয়ে যাবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট সুশৃঙ্খলভাবে কাজ করলে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।

Link copied!