খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আছাদুজ্জামান
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)-তে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কৃষি গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম ২৯ এপ্রিল পর্যন্ত চলে।
দেশের ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীরা খুকৃবির কৃষি, ভেটেরিনারি ও বায়োমেডিকেল সায়েন্সেস, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান, কৃষি অর্থনীতি এবং কৃষি প্রকৌশল এই পাঁচটি অনুষদে ভর্তির সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সকাল থেকেই নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। ভর্তি কার্যক্রমে সনদ যাচাই, ফি জমা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়। এ জন্য বিশেষ বুথ ও সহায়তা কেন্দ্র স্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম সার্বক্ষণিক তদারকি করায় শিক্ষার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই ভর্তি কার্যক্রম শেষ করতে সক্ষম হন।
ভর্তি কার্যক্রম চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, এই মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে স্মার্ট কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভর্তি সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিগগিরই ওরিয়েন্টেশন ক্লাস ও নিয়মিত পাঠদানের সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জানুয়ারি ২০২৬ এবং ফল প্রকাশ করা হয় ৭ জানুয়ারি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে প্রবেশ করলেন।