প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে চূড়ান্ত ভর্তি শেষে উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা রয়ে গেছে, যার সংখ্যা ৩৯১।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির।
ভর্তি কার্যক্রম শেষে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিভিন্ন অনুষদে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য রয়েছে। এর মধ্যে কৃষি অনুষদে সর্বোচ্চ ১৬৮টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া ভেটেরিনারি অনুষদে ২০টি, পশুপালন অনুষদে ৯টি, কৃষি অর্থনীতি অনুষদে ২৬টি, কৃষি প্রকৌশল অনুষদে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদে ২৩টি, বায়োইনফরমেটিক্স অনুষদে ১৪টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি, ফুড সেফটি ম্যানেজমেন্ট অনুষদে ১১টি এবং ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদে ৪১টি আসন শূন্য রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া চারদিনব্যাপী ভর্তি কার্যক্রম শেষে মোট ১ হাজার ৬টি আসনের বিপরীতে ভর্তি সম্পন্ন করেছেন ৬১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৩৫ জন ছেলে এবং ২৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাতালিকায় স্থান পেয়েও যারা নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন করেননি, তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ফাঁকা আসনগুলো পূরণ করা হবে।
