বুধবার ২৯, এপ্রিল ২০২৬

বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --

আশুলিয়ায় বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে উপজেলার আউকপাড়া এলাকায় ছায়াকুঞ্জের আব্দুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, ভোররাতে ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

ডাকাতরা নগদ প্রায় ৩৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, কানের দুল, রৌপ্য চেইন, আংটিসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তার স্ত্রীর কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে কান ক্ষতিগ্রস্ত করা হয়। এছাড়া ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর কাছ থেকেও স্বর্ণালঙ্কার লুট করা হয়।
ঘটনার এক পর্যায়ে ডাকাতরা ভাড়াটিয়ার স্ত্রী পপিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং পরে কিছু দূরে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে একই এলাকায় গত সোমবার আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Link copied!