প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-তে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ফিসারিজ কার্নিভাল ২০২৬’। সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ হওয়ায় অর্থনীতি, পুষ্টি ও জীবিকায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ব্লু ইকোনমির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা অর্জনের ওপর জোর দেন।
তিনি আরও জানান, বিশ্বে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয়, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ এবং অ্যাকুয়াকালচারে পঞ্চম অবস্থানে রয়েছে। তবে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের পাম এক্সপার্ট ডেনিস গো-ফেইজ।
কার্নিভাল উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণিল র্যালি বের করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। রঙিন মাছের ফেস্টুন ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় “সিলেট অঞ্চলে মৎস্য সম্পদের অগ্রগতি: প্রতিবন্ধকতা, সম্ভাবনা এবং কৌশলগত ভূমিকা” শীর্ষক উপস্থাপনা করেন অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়া ‘স্টার্টআপ টু স্কেলআপ অ্যাকুয়াপ্রেনারশিপ’ বিষয়ে বক্তব্য দেন উদ্যোক্তা মোঃ নাজমুস সাকিব।
দিনব্যাপী কর্মসূচির শেষাংশে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
