প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম সমুদ্রসম্পদভিত্তিক গবেষণার জন্য একটি আদর্শ স্থান, যা দেশের ব্লু-ইকোনমি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় সিভাসু অডিটোরিয়ামে একটি গবেষণা উপপ্রকল্পের উদ্বোধনী (ইনসেপশন) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হিট (উচ্চশিক্ষা উন্নয়ন ও রূপান্তর) প্রকল্পের আওতায় “জলবায়ু-স্মার্ট নিম্ন স্তরের সামুদ্রিক চাষ ব্যবস্থা উন্নয়ন: গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং উপকূলীয় জীবিকা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ব্লু-ইকোনমি শক্তিশালীকরণ” শীর্ষক একটি গবেষণা উপপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মেয়াদ তিন বছর।
সেমিনারে সভাপতিত্ব করেন এসপিএম অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর গবেষণা ও সম্প্রসারণ পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক।
সেমিনারে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম উপস্থাপন করা হয়। এছাড়া সহকারী প্রকল্প ব্যবস্থাপক গবেষণা কার্যক্রম ও অগ্রগতি নিয়ে প্রেজেন্টেশন দেন এবং একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
