প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম
রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি। মাত্র ৭ হাজার টাকার অভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থী ইশিকা চাকমার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে তিনি ঘোষণা দিয়েছেন ইশিকা অবশ্যই এ বছর পরীক্ষা দেবে, তার স্বপ্ন থেমে যেতে দেওয়া হবে না।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রী বলেন, টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে- এটাই মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ।
জানা যায়, বরকল উপজেলার জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইশিকা চাকমা ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা। পরিবারের আর্থিক সংকটের কারণে মাত্র ৭ হাজার টাকার অভাবে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে মন্ত্রী দীপেন দেওয়ান গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে তার পরীক্ষার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, “আমি নিজেও সাধারণ একজন ছাত্র ছিলাম। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে বিসিএস জুডিশিয়াল সার্ভিসে যোগ দিতে পেরেছি। তোমরাও পারবে। শুধু পড়াশোনায় মনোযোগ দাও, সরকার সবসময় তোমাদের পাশে থাকবে।
সভায় তিনি আরও ঘোষণা দেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লক্ষ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে। যাতে ভবিষ্যতে অর্থাভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা বন্ধ না হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে বরকলের দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্য ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতিও দেন তিনি।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
