সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

পটুয়াখালীর বাউফলে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাউফলের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. রায়হান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাইয়ূম হোসেন এবং উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবুজ।

‘কৃষিই সমৃদ্ধি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। টেকসই ও পুষ্টিমানসমৃদ্ধ ফসল উৎপাদন এবং বাজারজাতকরণে এ প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ কৃষক-কিষানি অংশগ্রহণ করেন। মাঠ পর্যায়ের সফল কৃষকেরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো—প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে উত্তরণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি করা।

Link copied!