প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম
রাঙামাটি জেলা প্রশাসকের অধীনে সাম্প্রতিক এক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কোটা বিরোধী ঐক্যজোটের পক্ষ থেকে নিয়োগে বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে।
সংগঠনটির দাবি, নিয়োগ প্রক্রিয়ায় সাম্প্রদায়িক ভারসাম্য বজায় রাখা হয়নি এবং এতে একটি পক্ষ তুলনামূলক বেশি সুবিধা পেয়েছে। তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬৭ শতাংশ উপজাতীয় এবং ৩৩ শতাংশ বাঙালি সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন। এ পরিসংখ্যানকে তারা “স্পষ্ট বৈষম্যের ইঙ্গিত” হিসেবে উল্লেখ করেছে।
এ বিষয়ে সংগঠনের প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানেন না বলে জানান। একই ধরনের বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসকও। কোটা অনুসরণ করা হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসকের দপ্তরের সিএ জানান, নিয়োগে কোনো কোটা অনুসরণ করা হয়নি।
জেলা প্রশাসক নিজেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবগত নন বলে স্বীকার করায় প্রশাসনিক দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছে ঐক্যজোট। সংগঠনটির অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অজ্ঞতা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি করছে।
কোটা বিরোধী ঐক্যজোটের দাবি:
নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, বৈষম্যের অভিযোগে নিরপেক্ষ তদন্ত, ভবিষ্যতে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ নিশ্চিত, প্রয়োজন হলে নিয়োগ পুনর্মূল্যায়ন।
সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে জনমনে আস্থাহীনতা তৈরি হতে পারে এবং সামাজিক বিভাজন আরও বাড়তে পারে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
