প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কৃষি অনুষদ আয়োজিত একটি সাংস্কৃতিক সন্ধ্যা শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
অনুষদের ৬৩তম ব্যাচের উদ্যোগে ৬৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে শামসুল হক হল ও ঈশা খাঁ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়।
ঘটনার পরপরই অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও বিশৃঙ্খলা এড়াতে আয়োজকরা অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন।
পরে দ্রুত মঞ্চ ও সরঞ্জাম সরিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ব্যক্তিগত বিষয় থেকেই এ ঘটনার সূত্রপাত। তার ভাষায়, ‘বান্ধবী সংক্রান্ত ইস্যু থেকে কথা-কাটাকাটি হয়ে মারামারি পর্যন্ত গড়ায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘সংবাদ পাওয়ার পরই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়। দুই পক্ষকে আলাদা করা হয়। পরিস্থিতি আরও খারাপ হতে পারত, তাই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। আমরা ভিডিও সংগ্রহ করেছি এবং তদন্ত করে ব্যবস্থা নেব।’
