সোমবার ২০, এপ্রিল ২০২৬

সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)-তে সামাজিক মাধ্যমে অপতথ্য, গুজব ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বসুন্ধরা শুভসংঘ, জাবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত ‘সামাজিক মাধ্যমে অপতথ্য, গুজব ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা বাড়াতে করণীয়’ শীর্ষক এ সভায় শিক্ষার্থী ও অতিথিরা অংশ নিয়ে মুক্ত আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই তথ্য যাচাই করে শেয়ার করা, দায়িত্বশীল আচরণ করা এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সচেতন ও নৈতিক হতে হবে। গুজব বা বিভ্রান্তিকর তথ্য দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যীনাত মিয়া আজিজুল, ইয়াসির আরাফাত এবং মো. জসিম উদ্দিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাকিব হাসান নয়ন, আবদুল্লাহ আল মিনহাজ, আরমান আলিফ, তৌসিফ আহমেদ, নিরব খান ও মানতাসা নুসরাত প্রকৃতি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আহমেদ আকাশ। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা সভায় বিষয়ভিত্তিক নানা মতামত উঠে আসে, যা ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Link copied!