প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে চলমান এক ঘণ্টার বিদ্যুৎ লোডশেডিংয়ের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত বিকেল ৪টা থেকে ৫টার পরিবর্তে এখন প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লোডশেডিং কার্যকর থাকবে।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।
এর আগে ১৬ এপ্রিল সাভারের শিমুলতলায় অবস্থিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর জোনাল অফিস জানায়, জাতীয় পর্যায়ে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে চাহিদার তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।
এই পরিস্থিতিতে সকল ফিডারে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়েও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তাই প্রশাসনিক, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সুবিধা বিবেচনায় লোডশেডিংয়ের সময় পরিবর্তন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা প্রয়োজন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হবে।
