প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম
দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে ফুয়েল পাস কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত করা হয়েছে। নতুন করে গাইবান্ধাসহ দেশের ১৯টি জেলায় এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন করে অন্তর্ভুক্ত জেলাগুলোর তালিকা প্রকাশ করা হয়।
নতুন করে এই কার্যক্রমের আওতায় আসা জেলাগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।
এর আগে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের কয়েকটি মেট্রোপলিটন এলাকা ও গুরুত্বপূর্ণ জেলায় এই প্রকল্পের পাইলট কার্যক্রম চালু করা হয়েছিল।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কিউআর কোডভিত্তিক এই অ্যাপ বর্তমানে পরীক্ষামূলকভাবে শুধু মোটরসাইকেলের জন্য ব্যবহৃত হচ্ছে।
মূলত ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে দেশের সব জেলা এবং সব ধরনের যানবাহনের ক্ষেত্রে ফুয়েল পাস ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে বলে জানা গেছে।
