নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
সোমবার ২০, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি: ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ইরাসমাস চুক্তির আওতায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ধরনের আন্তর্জাতিক সংযোগ উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক কার্যক্রম বিনিময় নোবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের জ্ঞান ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ ধরণের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, নোবিপ্রবিতে তুরস্কের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের এই সফর পারস্পরিক জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুল গেডিক ইউনিভার্সিটি, কারাবুক ইউনিভার্সিটি ও আলানিয়া আলাদিন কায়কোবাত ইউনিভার্সিটির প্রতিনিধিরা এ সফরে অংশ নেন। প্রতিনিধিদলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম), মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং স্পোর্টস সায়েন্স বিভাগের অধ্যাপকরা অন্তর্ভুক্ত রয়েছেন। সফরকালীন সময়ে তারা নোবিপ্রবির বিভিন্ন বিভাগে লেকচার প্রদান, গবেষণা অভিজ্ঞতা বিনিময় এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করবেন।