মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

বাকৃবিতে ব্যতিক্রমী বৈশাখী আয়োজন, ‘আমার ফ্যাকাল্টিই সেরা’ শীর্ষক রম্য বিতর্ক

বাকৃবি থেকে মুহাম্মদ সোহান

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

রম্য বিতর্ক অংশগ্রহনকারী শিক্ষার্থী ও উপস্থিত বিচারকগণ

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘আমার ফ্যাকাল্টিই সেরা’ শীর্ষক একটি প্রাণবন্ত রম্য বিতর্ক।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন করে বাকৃবি সলিডারিটি সোসাইটি (বিএইউএসএস)।

আয়োজিত বিতর্কে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে নিজ নিজ অনুষদের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন। এতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবি ডিবেটিং সংঘের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মুবিন এবং নুবাহ নাশিতা ফারিহাত।

এছাড়া বিকেল থেকে একই সংগঠনের উদ্যোগে ‘বই পড়ুন, গাছ উপহার নিন’ শীর্ষক একটি ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলে।

বিতর্কটির আয়োজক ও বাকৃবি সলিডারিটি সোসাইটির আহ্বায়ক সাব্বির হোসাইন রিজন জানান, 'শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ, বিভিন্ন অনুষদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা জাগ্রত করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। এছাড়া বই পড়ুন, বিনিময়ে গাছ উপহার নিন - এই উদ্যোগের মাধ্যমে যেমন জ্ঞানচর্চার প্রসার ঘটেছে, তেমনি আমরা সবুজায়নের বার্তাও ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। পাশাপাশি হাস্যরসের মাধ্যমে যুক্তি উপস্থাপনের এই চর্চা শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাসকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।”

Link copied!