প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
আলোচনায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পারলেই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়েই নতুন প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে।
নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ব্যানার প্রদর্শন ও অতিথিদের আপ্যায়নের আয়োজনও করা হয়।
