প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:০২ পিএম
সাময়িক প্রযুক্তিগত সমস্যার পর অবশেষে আবারও স্বাভাবিক হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যার মুখোমুখি হন।
বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। এ সময় অনেক ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়া, নতুন পোস্ট দেখতে না পাওয়া এবং নতুন কনটেন্ট প্রকাশ করতে না পারার অভিযোগ জানান।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কয়েক হাজার ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন। সাইটটি জানিয়েছে, ফেসবুকের সার্ভারে সাময়িক ত্রুটির ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
একাধিক ব্যবহারকারী জানান, হঠাৎ করেই ফেসবুক ও মেসেঞ্জার থেকে লগআউট হয়ে যাওয়ার পর তারা পুনরায় প্রবেশ করতে পারছিলেন না। পাশাপাশি নিউজ ফিড রিফ্রেশ এবং পোস্ট করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।
এই বিভ্রাট শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার কথা জানান।
তবে ফেসবুকের এই সাময়িক অচলাবস্থার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
