প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১১:২৪ পিএম
বিশ্বব্যাপী ডিজিটাল অপারেটর ভিয়ন বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানটি সম্ভাব্য সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনার প্রস্তুতির কথা জানিয়েছে।
ভিয়নের প্রস্তাবে দেশের গুরুত্বপূর্ণ সরকারি সম্পদকে ঘিরে যৌথ উদ্যোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের মালিকানাধীন মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এ বিনিয়োগ ও অধিগ্রহণের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন জানিয়েছে, তারা বাংলাদেশে তাৎক্ষণিকভাবে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করতে প্রস্তুত। প্রতিষ্ঠানটির মতে, টেলিটকের সঙ্গে সম্ভাব্য অংশীদারত্ব দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তিনির্ভর সেবার বিস্তারে নতুন সুযোগ সৃষ্টি করবে।
ভিয়ন আরও মনে করে, এ ধরনের উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির পাশাপাশি দেশের চলমান ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে টেলিযোগাযোগ ও ডিজিটাল আর্থিক সেবা খাতে নতুন বিনিয়োগ ও উদ্ভাবনের পথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
