সোমবার ০৬, এপ্রিল ২০২৬

সোমবার ০৬, এপ্রিল ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. এমদাদুল হক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ দুই দিনব্যাপী “৩য় আন্তর্জাতিক সম্মেলন অন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন শুরু হয়েছে।

আজ (৫ এপ্রিল ২০২৬) রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল ম্যাটেরিয়ালস সায়েন্স এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “Green Chemistry and Sustainable Innovation: From Molecular Design to Clean Technology”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. এমদাদুল হক। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টফ জানিয়াক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মমিনুল ইসলাম, সম্মেলনের আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন ভূঁইয়া।

সভাপতিত্ব করেন সম্মেলনের কো-কনভেনর ও হাবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বলরাম রায়।

গেস্ট অব অনার অধ্যাপক ক্রিস্টফ জানিয়াক তাকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, বর্তমান বিশ্বে গবেষণার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, কম্পিউটেশনাল কেমিস্ট্রি বর্তমানে বৈজ্ঞানিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে জটিল রাসায়নিক বিশ্লেষণ ও নতুন উপাদান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, এ ক্ষেত্রে অবদানের জন্য ইতোমধ্যে একাধিক বিজ্ঞানী নোবেল পুরস্কার অর্জন করেছেন, যা এই শাখার আন্তর্জাতিক গুরুত্বকে আরও দৃঢ় করেছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে কী-নোট লেকচার, প্লেনারি টক, টেকনিক্যাল সেশন, পোস্টার উপস্থাপনা এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মেলনের মূল লক্ষ্য হলো শিক্ষক, গবেষক, শিল্পখাত সংশ্লিষ্ট পেশাজীবী, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা। এতে গ্রিন কেমিস্ট্রি, সাসটেইনেবল সিস্টেম, রিনিউএবল এনার্জি, অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, ক্লিন টেকনোলজি ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে গবেষণা ও উদ্ভাবনী ধারণা বিনিময় করা হবে।

এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৩০০ জন গবেষক, শিক্ষক, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Link copied!