রবিবার ০৫, এপ্রিল ২০২৬

রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --

যবিপ্রবির সিডিএম বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্যের সাথে শিক্ষক-শিক্ষার্থীরা

উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার এবং ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ভৌগোলিক অবস্থান, ব-দ্বীপীয় ভূ-প্রকৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। এ বাস্তবতায় সিডিএম বিভাগের শিক্ষার্থীদের গবেষণা, নতুন ধারণা ও জ্ঞান দেশের মানুষকে দুর্যোগ মোকাবিলায় সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের আরও গবেষণামুখী হওয়ার আহ্বান জানান এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুমসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক নাফিসা নুরী ইসলাম, প্রভাষক মুহাম্মদ আবু সাইদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী সৌমেন চৌধুরি শুভ ও অনিকা তাবাসসুম অর্পি।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Link copied!