ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম
শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --
ফাইল ফটো
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। দেশের অন্যান্য কেন্দ্রের পাশাপাশি ষষ্ঠবারের মতো এই বিশ্ববিদ্যালয়েও একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট ৭৪৩১ জন পরীক্ষার্থীর আসন নির্ধারিত ছিল। এর মধ্যে ৮৫ দশমিক ৪১ শতাংশের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যা সন্তোষজনক উপস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, শুক্রবার (৩ এপ্রিল) মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ এপ্রিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাও নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন,“আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে। কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ক্লাব একযোগে কাজ করেছে। অভিভাবকদের সুবিধার্থে বিশ্রামের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেবামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ ও সুন্দর পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।”
এর আগে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করে। পরীক্ষার সময় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।