প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোতে উচ্চগতির ব্যান্ডউইথ সেবা নিশ্চিত করার লক্ষ্যে আইসিটি সেলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
সভায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে আবাসিক হলগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, সেবার কাঠামো ও সম্ভাব্য ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মাননীয় উপাচার্য চাকসুর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশ নেওয়া, গুরুত্বপূর্ণ বই ডাউনলোড দেওয়া এবং গবেষণার কার্যক্রমসহ নানাবিধ কাজে ইন্টারনেট সেবার প্রয়োজন হয়।” তিনি এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সভায় বিডিকমের পক্ষ থেকে সেবা প্রদানের ধরন, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যয়ের বিষয় তুলে ধরা হয়। অপরদিকে চাকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের চাহিদা ও বাস্তব সমস্যার আলোকে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরীও গুরুত্বপূর্ণ মতামত দেন।
বিশেষ করে যেসব আবাসিক হলে ইন্টারনেট সেবা দুর্বল বা অনুপস্থিত, সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে সেবা সম্প্রসারণের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। পাশাপাশি পুরো ক্যাম্পাসে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে চাকসুর প্রতিনিধিরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, বিডিকমের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলে এ সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ রোকন উদ্দীন ফারুকী, আইসিটি সেলের প্রকৌশলীরা, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানসহ বিডিকমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শুরুর আগে বিডিকমের কর্মকর্তারা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
