শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬

শুক্রবার ০৩, এপ্রিল ২০২৬ -- : -- --

গুচ্ছ পদ্ধতিতে গোবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফাইল ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে মানবিক শাখার এই ভর্তি পরীক্ষা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত ৩৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৫০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, যা মোট উপস্থিতির হার ৮২ দশমিক ৬১ শতাংশ। এদিন অনুপস্থিত ছিল ৬৬৩ জন ভর্তিচ্ছু।

পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,“কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মানবিক শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমাদের দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেভাগেই ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষাও নেওয়া হবে। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট ১৫০৫টি আসনের মধ্যে ‘সি’ ইউনিটে ২৫০টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘এ’ ইউনিটে ৭৫৫টি আসন নির্ধারিত রয়েছে।

Link copied!