নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --
ফাইল ফটো
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমকে ঘিরে কোর কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
সভায় চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের অগ্রগতি, পরীক্ষা আয়োজন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবিতে গত ২৭ মার্চ গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত বিভিন্ন কমিটি ও উপ-কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরীক্ষা উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা করে যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এছাড়াও পরবর্তী পরীক্ষাসমূহও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভারপ্রাপ্ত পরিচালক, রেজিস্ট্রার, গ্রন্থাগারিক, প্রক্টর এবং শিক্ষা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।
উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষাগুলো সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।