গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম
সোমবার ০৬, এপ্রিল ২০২৬ -- : -- --
ফাইল ফটো
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিশ্বায়ন ও বহুভাষিকতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে রবিবার (৫ এপ্রিল) সকালে আইকিউএসি সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ এস এ দেলওয়ার হোসেন। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
আলোচনায় বক্তারা বিশ্বায়নের ধারণা, এর বিস্তৃতি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বহুভাষিকতার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন ভাষার উৎপত্তি, বিবর্তন, বৈশিষ্ট্য এবং ভাষাগত পার্থক্যের দিকগুলোও তুলে ধরা হয়।
প্রবন্ধ উপস্থাপক ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু রায়হান বলেন, “বিশ্বায়নের যুগে বহুভাষিকতা অপরিহার্য। এটি বিশ্বের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। বহুভাষিক চর্চার মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগের প্রতিবন্ধকতা দূর হয় এবং মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন সম্ভব হয়।”
মুখ্য আলোচক অধ্যাপক মনসুর মুসা বলেন, “বিশ্বায়নের ঐতিহাসিক প্রেক্ষাপটে বহুভাষিকতা যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করে। জাতীয় পরিচয়ের জন্য মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ভাষাগত পার্থক্য ও একেক ভাষার ভঙ্গি ভাষাবিজ্ঞানের সৌন্দর্য বৃদ্ধি করে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “বাংলা বিভাগের আয়োজন শিক্ষার্থীদের জন্য ভিন্ন এক শিক্ষণীয় অভিজ্ঞতা। সুন্দর আয়োজনের মাধ্যমে তারা বিশ্বায়ন ও বহুভাষিকতা বিষয়ে সমৃদ্ধ জ্ঞান অর্জন করতে পারছে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম দেলওয়ার হোসেন বলেন, “মাতৃভাষা দিবসের রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ বজায় রাখার মাধ্যমে এই সেমিনার আত্মউন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।