প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ডের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
এই মর্যাদাপূর্ণ অ্যাক্রিডিটেশন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) মাধ্যমে ছয় বছরের জন্য প্রদান করা হয়েছে। স্বীকৃতি ৩ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়ে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত থাকবে।
বিশ্বমানের এই স্বীকৃতি ইউআইইউর বিএসসিএসই প্রোগ্রামকে আন্তর্জাতিক শীর্ষ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সমতুল্য অবস্থানে পৌঁছে দেবে। একই সঙ্গে এই বিভাগের গ্র্যাজুয়েটরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সমতুল্য ধরা হবে। এতে করে গ্র্যাজুয়েট এবং নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী কর্মজীবনের সম্ভাবনা, উচ্চশিক্ষার সুযোগ এবং গতিশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, তারা আন্তর্জাতিকভাবে দক্ষ প্রকৌশল পেশাজীবী হিসেবে স্বীকৃতি অর্জন করবে।
ওয়াশিংটন অ্যাকর্ড নিশ্চিত করে যে ইউআইইউর পাঠ্যক্রম, শিক্ষক এবং সুযোগ-সুবিধাগুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে। এটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষা প্রদান করে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এই অর্জন ইউআইইউর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং প্রচেষ্টাকে প্রতিফলিত করে এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
এ ছাড়াও, এই স্বীকৃতি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিশেষ করে মানসম্মত শিক্ষার লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
