প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়-এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস’ শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়াধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগ দৃশ্যমান হচ্ছে।
তিনি বলেন, দেশের চাকরির বাজার সীমিত হওয়ায় শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
উপাচার্য আরও জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ হাবের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও সিড মানি সহায়তা দেওয়া হচ্ছে, যা নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে।
তিনি শিক্ষার্থীদের সফট স্কিল অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন এবং বলেন, বাস্তবসম্মত ও যুগোপযোগী ব্যবসায়িক ধারণা থাকলে অর্থায়ন বড় বাধা হবে না, কারণ অনেক প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।
স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের তাসমিয়া ইসলাম তিশা ও ফাহিম খান।
বক্তারা বলেন, তরুণদের সামনে এখন অবারিত সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তারা আরও বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তা তৈরিতে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা জরুরি।
উদ্বোধনী পর্ব শেষে তিনটি প্লেনারি সেশনে উদ্যোক্তা উন্নয়ন, স্টার্টআপ গঠন, মেন্টরশিপ এবং ব্যবসায়িক প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ প্রোগ্রামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
