প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়, যার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে অংশগ্রহণের জন্য মোট ২ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও ছিল সন্তোষজনক।
অন্যদিকে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছেন।
উল্লেখ্য, দেশের গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মোট ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ‘বি’ ইউনিটে সারাদেশ থেকে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যা প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে।
