প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম
মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (৫ এপ্রিল) ভোরে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নেওয়া হয়।
কারা সদর দপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘আজ রোববার ভোরে দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তার শারিরীক পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।’’
জানা গেছে, হাসপাতালে নেওয়ার পর তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকরা তার অবস্থার ওপর নজরদারি করছেন।
সম্প্রতি চাঁদপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং বিএনপি নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে ২০২৪ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
