প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ১২:২২ এএম
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের মহানগরীগুলোর স্কুল-কলেজে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি মন্ত্রিপরিষদ বিভাগ। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো নির্দেশনা জারি করা হয়নি।
শনিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সপ্তাহে একদিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “অনলাইন ক্লাসের বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। নির্দেশনা পাওয়ার পর সেটি বাস্তবায়নে নির্দেশনা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।”
তিনি আরও বলেন, “মন্ত্রিপরিষদ থেকে সিদ্ধান্ত আসলে যে কোনো মুহূর্তে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।”
এর আগে গত ৩১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিকল্প পদ্ধতিতে ক্লাস পরিচালনা নিয়ে আলোচনা হয়। সেখানে একদিন অনলাইন এবং পরদিন অফলাইন ক্লাস চালুর প্রস্তাব উত্থাপন করা হয় বলে জানা গেছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ওই বৈঠকে বিকল্প পদ্ধতিতে ক্লাস চালুর বিষয়টি তুলে ধরেন। তবে পরে মন্ত্রিপরিষদ পর্যায়ে আলোচনায় সপ্তাহে একদিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাব গুরুত্ব পায়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে অনলাইন ক্লাসের পরিধি বাড়ানো হবে।”
বর্তমানে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত পাওয়া গেলে দ্রুত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
