প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্যসহ একটি প্রস্তাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত ২৫ মার্চের আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ইডেন কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, ইডেন কলেজে উচ্চমাধ্যমিক পাঠদান কার্যক্রম পুনরায় চালুর আবেদন বিবেচনার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে, প্রতিষ্ঠানটিতে এই পর্যায়ের পাঠদান কার্যক্রম কোন সালে এবং কী কারণে বন্ধ হয়েছিল।
এছাড়া, পুনরায় পাঠদান চালু হলে সরকারের অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ প্রয়োজন হবে কি না, সেই বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।
এগুলো তথ্য উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পাঠাতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
