প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
বিশ্বখ্যাত পপ-রক ব্যান্ড দুরান দুরানের গিটারিস্ট ও গীতিকার অ্যান্ডি টেলর আর নেই। মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে মারা গেছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) তার মৃত্যু হয়। বুধবার (২৫ নভেম্বর) পরিবারের সদস্য ও ব্যান্ডের সাবেক সহশিল্পীরা যৌথ বিবৃতিতে এ খবর নিশ্চিত করেন।
দুরান দুরানের জনপ্রিয় বেশ কয়েকটি গানের কথা ও সুর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যান্ডি টেলরের। ‘হাংরি লাইক দ্য উলফ’, ‘রিও’ ও ‘গার্লস অন ফিল্ম’-এর মতো গান তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। ২০১৮ সালে তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। পরবর্তী সময়ে রোগটি মেটাস্ট্যাটিক পর্যায়ে পৌঁছায়।
অ্যান্ডির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তার স্ত্রী ট্রেসি উইলসন-টেলর। পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বের কাছে অ্যান্ডি ছিলেন একজন অসাধারণ গিটারিস্ট। কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন সবচেয়ে ভালো স্বামী, স্নেহশীল বাবা এবং গর্বিত দাদা।’
ব্যান্ডের সদস্য সাইমন লে বন, নিক রোডস, জন টেলর ও রজার টেলরও সহশিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। যৌথ বিবৃতিতে তারা জানান, দুরান দুরানের যাত্রার শুরু থেকেই অ্যান্ডি তাঁদের সঙ্গে ছিলেন। তার গিটার বাজানোর স্বতন্ত্র ধরন এবং সংগীতের প্রতি গভীর ভালোবাসা ব্যান্ডটির সুরে ভিন্ন মাত্রা যোগ করেছিল। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময় অ্যান্ডি সাহস, সততা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।
১৯৬১ সালে ইংল্যান্ডের টাইনমাউথে জন্মগ্রহণ করেন অ্যান্ডি টেলর। নর্থম্বারল্যান্ডের কুলারকোটসে বেড়ে ওঠা এই সংগীতশিল্পী মাত্র ১১ বছর বয়সে গিটার শেখা শুরু করেন। পরে পড়াশোনা ছেড়ে বিভিন্ন ব্যান্ডের সঙ্গে ইংল্যান্ড ও ইউরোপে সংগীত সফরে অংশ নেন। ১৯৮০ সালে বার্মিংহামে গিয়ে দুরান দুরানে যোগ দেন তিনি।
১৯৮১ সালে ইএমআই রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘দুরান দুরান’ প্রকাশিত হয়। যুক্তরাজ্যে জনপ্রিয়তা পাওয়ার পর ১৯৮২ সালে ‘রিও’ অ্যালবামের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়ে দলটির।
দুরান দুরানের পাশাপাশি একক সংগীতজীবনেও সক্রিয় ছিলেন অ্যান্ডি। ১৯৮৭ সালে প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম ‘থান্ডার’। স্ত্রী ট্রেসি উইলসন-টেলরের সঙ্গে তার চার সন্তান রয়েছে।
