বুধবার ২৫, নভেম্বর ২০২৬

বুধবার ২৫, নভেম্বর ২০২৬ -- : -- --

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

অভিনেতা সোহেল খান, ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন এই অভিনেতা। সিনেমাটির আর মাত্র একটি দৃশ্যের কাজ বাকি ছিল। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই দৃশ্যের শুটিং আর করা হয়নি তাঁর।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। এরপর ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান তিনি। নাটক ও টেলিছবির পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেতা।

সোহেল খানের অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’, ‘দেশা: দ্য লিডার’ ও ‘জংলি’।

তবে অভিনয়ই ছিল না তার একমাত্র স্বপ্ন। সিনেমার প্রতি ভালোবাসা থেকে চলচ্চিত্রের বিকাশেও ভূমিকা রাখতে চেয়েছিলেন তিনি। এ ভাবনা থেকেই সংস্কৃতিচর্চার পরিবেশ রয়েছে-এমন কোনো মফস্‌সল শহরে একটি সিনেমা হল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন। তার ইচ্ছা ছিল, সেখানে মানুষ নিয়মিত সিনেমা দেখবেন এবং সংস্কৃতিচর্চার সুযোগ পাবেন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের আগেই থেমে গেল তার পথচলা।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয়ের পর এক সাক্ষাৎকারে নিজের এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন সোহেল খান। তিনি বলেছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্‌সল শহরে একটি সিনেমা হল গড়ে তুলতে চান। যেখানে দর্শকেরা নিয়মিত সিনেমা দেখতে পারবেন, পাশাপাশি সংস্কৃতিচর্চাও চলবে।

সিনেমার প্রতি গভীর ভালোবাসা থেকেই এমন উদ্যোগের স্বপ্ন দেখেছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর পর সেই অপূর্ণ ইচ্ছার কথা আবারও সামনে এসেছে। তবে জীবদ্দশায় নিজের পরিকল্পনাটি বাস্তবে রূপ দিয়ে যেতে পারেননি সোহেল খান।

Link copied!