প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
পুত্রসন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। সন্তান জন্মের পর আপাতত নবজাতককে ঘিরেই কাটছে অভিনেত্রীর সময়। নতুন অতিথির আগমনে বদলে গেছে তার দৈনন্দিন জীবনযাপন ও ব্যস্ততার ধরন।
গণমাধ্যমকে মা হওয়ার খবর নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই। তবে ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চাননি তিনি। অভিনেত্রী বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’
মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মৌসুমী বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা-এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’
সন্তান জন্মের পর প্রথম দুই দিন ছেলেকে ভালোভাবে দেখার সুযোগ হয়নি অভিনেত্রীর। পরে যখন সন্তানের মুখ দেখেন, তখন তার মনে হয়েছে, ছেলের চেহারায় মায়ের ছাপ রয়েছে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক-এ জন্য সবার কাছে দোয়া চাই।’
নতুন এই যাত্রায় পরিবারের সদস্যদের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। বিশেষ করে স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্যদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
