প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘিরে সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার (২২ নভেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং।
গত ১৫ নভেম্বর দেশটির কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন। পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের মাধ্যমে উত্তর সংগ্রহ করেছিলেন বলে জানান তিনি। এ ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ।
এর মাত্র চার দিন পর, ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ পরীক্ষা ‘সুনেউং’। কর হিসাবরক্ষক পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর সুনেউং পরীক্ষাতেও একই ধরনের অসদুপায় অবলম্বনের আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর অনুষ্ঠিত হয় সুনেউং পরীক্ষা। প্রায় ৯ ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশটিতে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এ পরীক্ষার ফলকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।
পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কর্তৃপক্ষ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর ব্যবস্থাও করা হয়। স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দেওয়ার নির্দেশের পাশাপাশি চশমা, ঘড়ি ও পোশাক তল্লাশি করা হয়, যাতে লুকানো ক্যামেরা শনাক্ত করা যায়।
তবে এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফেরাতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগ করছি।’
এর আগে পার্লামেন্টের শুনানিতে পরীক্ষার দিন জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষ কতটা সক্ষম-এমন প্রশ্নের মুখে পড়েন ৭২ বছর বয়সী শিক্ষামন্ত্রী। জবাবে তিনি বয়সের কারণে আত্মবিশ্বাসী নন বলে মন্তব্য করেন। তার এ বক্তব্যও জনমনে ক্ষোভের সৃষ্টি করে।
কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ নভেম্বরের সুনেউং পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংশ্লিষ্ট অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে। এসব ঘটনার প্রায় অর্ধেক ধরা পড়ে সরকার পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে।
এদিকে কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় এআই ব্যবহার করে প্রথম হওয়া পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর বিষয়টি নিয়ে তদন্ত করছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। ওই ঘটনার জেরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরে নিরাপত্তা ও জালিয়াতি প্রতিরোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়। শেষ পর্যন্ত সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করতে হলো শিক্ষামন্ত্রীকে।
তথ্যসূত্র: বিবিসি
