প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
ইরানের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ওই ভিডিওতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখা গেছে। বাহিনীটির দাবি, নতুন এই ব্যবস্থার মাধ্যমে একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।
নতুন ব্যবস্থাটি ইরানের আগে ব্যবহৃত দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় উন্নত বলে মনে করা হচ্ছে। পুরোনো ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতো। অন্যদিকে, তরল জ্বালানি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণে পরিচালনাকারীরা তুলনামূলক বেশি সুযোগ পান।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় “অপ্রত্যাশিত চমক” এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকায় প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, দেশটির নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভর না করেও এগুলোর পথনির্দেশনা পাওয়ার সক্ষমতা উন্নত হয়েছে।
শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। এ সময় প্রকাশিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতরে সারিবদ্ধভাবে রাখা শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা যায়। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
