প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
চাঁদের মাটির আদলে তৈরি কৃত্রিম উপাদানে আলু উৎপাদনে সফল হয়েছেন বিজ্ঞানীরা। তাদের গবেষণায় দেখা গেছে, এই মাটির সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জৈব সার মেশানো হলে পৃথিবীর উর্বর মাটির মতোই আলু ফলানো সম্ভব। উৎপাদিত আলু পুষ্টিকর ও খাওয়ার উপযোগী কি না, তা নিয়ে গবেষণা চললেও আপাতত সেগুলো পরীক্ষাগারে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় গবেষণাটি পরিচালনা করেছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। ভবিষ্যতে চাঁদে অবস্থানরত নভোচারীদের জন্য সেখানেই খাদ্য উৎপাদনের সম্ভাবনা তৈরি করাই এ গবেষণার মূল উদ্দেশ্য।
গবেষণায় অবশ্য চাঁদের প্রকৃত মাটি ব্যবহার করা হয়নি। পৃথিবীতে তৈরি চাঁদের মাটির অনুকরণে প্রস্তুত করা ‘লুনার রেগোলিথ সিমুল্যান্ট’ ব্যবহার করেছেন গবেষকেরা। এতে চাষ করা হয়েছে ‘মোডক’ জাতের আলু। লাল খোসা ও সাদা শাঁসের এই জাতটি দ্রুত পরিপক্ব হয়।
যুক্তরাষ্ট্র ও চীন আগামী কয়েক বছরে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে। পাশাপাশি সেখানে দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপনের লক্ষ্যও রয়েছে দেশ দুটির। এমন পরিস্থিতিতে পৃথিবী থেকে প্রয়োজনীয় সব খাবার চাঁদে নিয়ে যাওয়া কঠিন। তাই ভবিষ্যতে সেখানে অবস্থানরত নভোচারীদের খাদ্যচাহিদা মেটাতে স্থানীয়ভাবে ফসল উৎপাদনের বিকল্প নেই।
গত বৃহস্পতিবার বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদ জীববিজ্ঞানী আইমেরিক গোয়ার।
গবেষক গোয়ারের মতে, অনেক ফসলের তুলনায় একই পরিমাণ জমিতে আলু থেকে বেশি ক্যালরি পাওয়া যায়। কলার চেয়েও এতে পটাশিয়ামের পরিমাণ বেশি। পাশাপাশি আলুতে রয়েছে ভিটামিন সি ও উন্নত মানের প্রোটিন। এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে বলেও জানান তিনি।
যেভাবে চাঁদের কৃত্রিম মাটিতে ফলানো হলো আলু
চাঁদের পৃষ্ঠের মাটিকে বিজ্ঞানীরা ‘লুনার রেগোলিথ’ নামে অভিহিত করেন। শতকোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে পাথর ও ধূলিকণা ভেঙে এই স্তর তৈরি হয়েছে। পৃথিবীর সাধারণ মাটির মতো এতে কোনো জৈব উপাদান নেই।
এই ঘাটতি পূরণে গবেষকেরা কৃত্রিম চাঁদের মাটির সঙ্গে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার মিশিয়েছেন। কেঁচো জৈব বর্জ্য পচিয়ে এই সার তৈরি করে। গবেষক আইমেরিক গোয়ার বলেন, চাঁদের মাটিতে নাইট্রোজেন নেই। ফলে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগ না করলে সেখানে কোনো ফসলই উৎপাদন করা সম্ভব হবে না।
পরীক্ষায় দেখা যায়, শুধু কৃত্রিম চাঁদের মাটিতে আলু রোপণ করলে গাছে শিকড় বা আলু-কোনোটিই জন্মায়নি। তবে ৯৫ শতাংশ কৃত্রিম চাঁদের মাটির সঙ্গে ৫ শতাংশ কেঁচো সার মেশালে কিছু শিকড় ও আলু গজায়। অন্যদিকে, মাটির মিশ্রণে কেঁচো সারের পরিমাণ ৩০ শতাংশ করা হলে আলুর ফলন পৃথিবীর উর্বর মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে পৌঁছায়।
গ্রিনহাউজে সূর্যের আলো ও কৃত্রিম আলোর ব্যবস্থা করে পরীক্ষাটি চালানো হয়। এ সময় দিনের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়েছিল। তবে উৎপাদিত আলুর স্বাদ কেমন, তা এখনো পরীক্ষা করা হয়নি। আলুগুলো বর্তমানে পরীক্ষাগারে বিভিন্ন বিশ্লেষণের কাজে ব্যবহার করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
