সোমবার ২৩, নভেম্বর ২০২৬

সোমবার ২৩, নভেম্বর ২০২৬ -- : -- --

মালয়েশিয়ায় আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউ) সপ্তম সমাবর্তনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে সোমবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ২০২৬ সালের শিক্ষাবর্ষের স্নাতকদের হাতে ডিগ্রি ও বিশেষ পুরস্কার তুলে দেন।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অধ্যাপক ইউনূস।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে আয়োজিত এ অনুষ্ঠানে স্নাতক শিক্ষার্থী, তাঁদের পরিবার, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে সমাবর্তনকে শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে বৃহত্তর কর্মজীবনে প্রবেশের নতুন অধ্যায় শুরু হলো তাদের।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘থ্রি জিরো’ বা তিন শূন্যের পৃথিবী গড়ার দর্শনকে সামনে রেখে কাজ করছে। এই দর্শনের তিনটি লক্ষ্য হলো-শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ। বিশ্ববিদ্যালয়টির শিক্ষাদর্শন ও কার্যক্রমের অন্যতম ভিত্তি সামাজিক ব্যবসা।

এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টি সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও উদ্ভাবনের উৎকর্ষকেন্দ্র (এসইডিআই) পরিচালনা করছে। কেন্দ্রটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবসম্মত সামাজিক ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয় সোশ্যাল বিজনেস প্রজেক্ট প্রতিযোগিতা ও সোশ্যাল বিজনেস আইডিয়া পিচিং। পাশাপাশি রয়েছে সোশ্যাল বিজনেস সিড ফান্ড।

বিশ্ববিদ্যালয়ের থ্রিজিরো ক্লাবও এ কার্যক্রমে ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ‘থ্রি জিরো’ দর্শনের নীতিগুলো ছড়িয়ে দেওয়াই ক্লাবটির অন্যতম লক্ষ্য। ক্লাবটি ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ‘বেস্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন’ এবং ২০২৩ ও ২০২৪ সালে ‘বেস্ট থ্রিজিরো ক্লাব’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Link copied!