প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকের সম্পৃক্ততা পাওয়া গেছে। ২০২৩ সাল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।
মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার দেশটির পার্লামেন্টে লিখিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এসব তথ্য তুলে ধরেন।
অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশিদের পর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের নাগরিকেরা। দেশটির নাগরিকদের বিরুদ্ধে এমন ৪ হাজার ৮৫৬টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এরপর রয়েছে ইন্দোনেশিয়া (২ হাজার ১৫৪টি), চীন (১ হাজার ২০৭টি), ভিয়েতনাম (১ হাজার ৪৬টি), পাকিস্তান (৮২৩টি), মিয়ানমার (৫৩১টি), ভারত (৫০০টি), নেপাল (৩২৮টি), লাওস (১৭২টি) এবং ফিলিপাইন (১৫৭টি)।
পার্লামেন্টে দেওয়া তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে।
বিরোধী দলের এক সংসদ সদস্যের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এসব তথ্য প্রকাশ করে মালয়েশিয়া সরকার। ওই সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাস ব্যবহার করে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন এবং তাঁরা কোন কোন খাতে কাজ করতেন।
তবে আটক বিদেশি নাগরিকেরা কোন কর্মক্ষেত্র বা খাতে কাজ করতেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মালয়েশিয়া সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেন, সামাজিক ভ্রমণ পাস কিংবা সামাজিক ভ্রমণ ও পর্যটনের জন্য ভিসা ছাড়ের সুবিধা নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করে কাজ বা ব্যবসা পরিচালনার অনুমতি পাওয়া যায় না।
তথ্যসূত্র: দ্য স্টার, কুয়ালালামপুর
